ইংল্যান্ড দলে ফিরলেন বোপারা
ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত পনের সদস্যের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন রবি বোপারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টিম ব্রেননান ও গ্রায়েম সোয়ান।
গত বছর অক্টোবরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দল থেকে বাদ পড়েছিলেন বোপারা। ব্যক্তিগত জীবনে সমস্যা ছাপ ফেলেছিল তার খেলায়ও।
পারিবারিক ঝামেলার কারণে গত গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহর করা নেন তিনি। এরপর থেকে ব্যাটিং ও বোলিংয়ে ভীষণ বাজে সময় কাটাচ্ছিলেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও সাফল্য পাননি বোপারা।
সাম্প্রতিক পারফরম্যান্স নয়, অতীত রেকর্ডের কারণেই বোপারাকে দলে নেয়া হয়েছে জানিয়ে ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, “তাকে আরেকটি সুযোগ দেয়া হয়েছে, কারণ আমরা জানি তিনি কি করতে পারেন।”
গত সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা বোপারা দলের শক্তি বাড়াবে উল্লেখ করে মিলার বলেন, “তার বোলিং খুবই ভালো। আর ব্যাটিংয়ের দিক থেকে তিনি কি করতে পারেন আমরা সবাই জানি। এছাড়া তিনি একজন ভালো ফিল্ডারও।”
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এই দলটিই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, এউইন মর্গান, জো রুট, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জনাথন ট্রট ও ক্রিস হোয়কস।
