শীর্ষে সুসংহত চেন্নাই
আইপিএলে মঙ্গলবারের একমাত্র ম্যাচে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে ৩৭ রানে হারিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করেছে চেন্নাই সুপার কিংস।
দশ খেলায় এটি চেন্নাইয়ের অষ্টম জয় অন্যদিকে সমান খেলায় পুনের অষ্টম হার।
দশ খেলায় ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রান রেটে পিছিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স একটি করে ম্যাচ কম খেলেছে।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রান করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে হারিয়ে ১২৭ রানে থেমে যায় পুনের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটির পরও ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পুনে।
এরপর স্টিভেন স্মিথ (৩৫), কেন রিচার্ডসন (২৬) ও ভুবনেশ্বর কুমার (২৪*) চেষ্টা করলেও লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি টুর্নামেন্টের তলানির দলটি।
২১ রানে ৩ উইকেট নিয়ে মোহিত শর্মা চেন্নাইয়ের সেরা বোলার।
এর আগে ২৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে সুব্রামানিয়াম বদ্রিনাথের (৩৪) সঙ্গে সুরেশ রায়নার ৭৫ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
দলীয় ১০৩ রানে বদ্রিনাথের বিদায়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (১৬ বলে ৪৫*) সঙ্গে ৬১ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন রায়না (৫০ বলে ৬৩*)।
দুই দলের প্রথম দেখায় পুনে জেতে ২৪ রানে।
