পাকিস্তান দলে নেই আফ্রিদি
জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনের সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদির।
বল হাতে সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণেই ৩৫৪ ম্যাচ খেলা ৩২ বছর বয়সী আফ্রিদির দলে জায়গা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ইকবাল কাশিম।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে আফ্রিদির বোলিং খুব একটা ভালো হচ্ছে না। তিনি উইকেট নিতে পারছেন না আর বোলিংটাই তার মূল কাজ।”
দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে কোনো উইকেট নিতে ব্যর্থ হয়েছেন আফ্রিদি।
দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আমিন। এছাড়া দলে ডাক পেয়েছেন পাঁচ পেসার। তরুণ পেসার আসাদ আলী ও এহসান আদিলের সঙ্গে আছেন জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান।
দলে থাকতে হলে শোয়েব মালিক ও কামরান আকমলের পারফরম্যান্স ভালো করতে হবে বলেও জানিয়েছে কাশিম বলেন, “দলের পারফরম্যান্সে তাদের উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। সাম্প্রতিক সময়ে তারা প্রত্যাশা পূরণ করতে পারেন নি।”
টুর্নামেন্টের আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা।
২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির এটাই হতে যাচ্ছে পাকিস্তানের প্রথম ইংল্যান্ড সফর।
পাকিস্তান দল: নাসির জামশেদ, ইমরান ফারহাত, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, উমর আমিন, কামরান আকমল, সাঈদ আজমল, আব্দুল রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, আসাদ আলী, এহসান আদিল ও ওয়াহাব রিয়াজ।
