২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে ঢাকা মেট্রো-রাজশাহী

অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ঢাকা মেট্রো ও রাজশাহী। মঙ্গলবার শেষ চারে ওঠার লড়াইয়ে ঢাকা মেট্রো ৫ উইকেটে চট্টগ্রামকে এবং রাজশাহী ৬ রানে সিলেটকে হারিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে চট্টগ্রাম। সর্বোচ্চ ৫০ রান নাজিমউদ্দিনের। ৩০ রান করে আসে মাহবুবুল করিম ও ফয়সাল হোসেনের ব্যাট থেকে।

৪২ রানে ৫ উইকেট নিয়ে আরাফাত সানি ঢাকা মেট্রোর সেরা বোলার।

জবাবে ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা মেট্রো। ৪৮ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র। অধিনায়ক মার্শাল আইয়ুব ৪২ ও আসিফ আহমেদ ৩৮ রান করেন।

২৮ রানে ২ উইকেট নেন চট্টগ্রামের মনোয়ার হোসেন।

একই মাঠে পরের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান করে রাজশাহী। সর্বোচ্চ ৫৮ রান সাব্বির রহমানের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান জুবায়ের আহমেদের।

২৯ রানে ৩ উইকেট নেন সিলেটের মোকাম্মেল আলী।

জবাবে ৮ উইকেটে ১৩৪ রানে থেমে যায় সিলেটের ইনিংস। সর্বোচ্চ ৪৪ রান করেন ইজাজ আহমেদ।

২৮ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর জয়ের অন্যতম রূপকার সাকলায়েন সজীব।