ওয়াটসনের শতকের পরও রাজস্থানের হার
শেন ওয়াটসনের শতকের পরও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেছে রাজস্থান রয়্যালস। মাইক হাসির দুর্দান্ত ব্যাটিংয়ে সোমবারের একমাত্র ম্যাচে চেন্নাইয়ের জয় ৫ উইকেটে।
সাত খেলায় এটি চেন্নাইয়ের পঞ্চম জয় অন্যদিকে সমান খেলায় রাজস্থানের তৃতীয় হার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৫ রান করে রাজস্থান। জবাবে ১৯ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার (৩৫ বলে ৫১) সঙ্গে হাসির ৯০ রানের জুটি চেন্নাইকে জয়ের ভিত গড়ে দেয়। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪২ রানের আরেকটি চমৎকার জুটি দলকে উপহার দেন তিনি।
দলীয় ১৫৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৮৮ রান করেন হাসি। তার ৫১ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা। এরপর রানের খাতা খোলার আগেই রবীন্দ্র জাদেজা সাজঘরে ফিরলে অস্বস্তিতে পড়ে চেন্নাই।
তবে ধোনি (১৬ বলে ২১) ও ডোয়াইন ব্রাভোর (৯ বলে অপরাজিত ১৫) ছোট্ট কিন্তু কার্যকর দুটি ইনিংস এক বল অব্যবহৃত রেখে দলকে দারুণ জয় এনে দেয়।
২০ রানে ৩ উইকেট নিয়ে জেমস ফুকনার রাজস্থানের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানের সঙ্গে ওয়াটসনের ৭১ রানের উদ্বোধনী জুটি রাজস্থানকে ভালো সূচনা এনে দেয়।
দিশান্ত ইয়াগনিক ও রাহুল দ্রাবিড় দ্রুত ফিরে গেলেও ওয়াটসনের আক্রমণাত্মক ব্যাটিং দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। দলীয় ১৫৯ রানে বিদায় নেয়ার আগে ১০১ রান করেন ওয়াটসন।
ষষ্ঠ আইপিএলে এটাই প্রথম শতক। ওয়াটসনের ৬১ বলের ইনিংসে ৬টি করে ছক্কা ও চার।
ওয়াটসনের বিদায়ের পর ২২ বলে স্টুয়ার্ট বিন্নির অপরাজিত ৩৬ রান দলের স্কোর দুশ রানের কাছাকাছি নিয়ে যায়।
চেন্নাইয়ের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও ব্রাভো দুটি করে উইকেট নেন।
