শেষ চারে রংপুর-খুলনা
অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে রংপুর ও খুলনা। সোমবার শেষ চারে ওঠার লড়াইয়ে রংপুর সুপার ওভারে ঢাকাকে এবং খুলনা ৩৬ রানে বরিশালকে হারিয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রান করে রংপুর। সর্বোচ্চ ৪৪ রান ধীমান ঘোষের। লিটন দাসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে মোহাম্মদ শরীফ ঢাকার সেরা বোলার।
জবাবে ঢাকার ইনিংসও থেমে যায় ৭ উইকেটে ১৬৯ রানে। সর্বোচ্চ ৪৩ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে। নুরুল হাসান ৪১ ও নাদীফ চৌধুরী ২৭ রান করেন।
৩৮ রানে ৩ উইকেট নেন রংপুরের আরিফুল হক।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ৮ রান করে ঢাকা। এই রান টপকে যেতে কোনো সমস্যা হয়নি রংপুরের।
উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭৪ রান করে খুলনা। জবাবে ৯ উইকেটে ১৩৮ রানে থেমে যায় বরিশালের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে মুরাদ খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১১ ওভারে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা বরিশাল আর খেলায় ফিরতে পারেনি। সর্বোচ্চ ২৭ রান করে আসে নাসিরুদ্দিন ফারুক ও ফরিদউদ্দিন মাসুদের ব্যাট থেকে।
১৯ রানে ৩ উইকেট নিয়ে মুরাদ খুলনার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের (২৯) সঙ্গে নাজমুস সাদাতের ৭৪ রানের উদ্বোধনী জুটি খুলনাকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তুষার ইমরানের (৩১ বলে ৪৫) সঙ্গে ৯৪ রানের আরেকটি চমৎকার জুটি দলকে উপহার দেন সাদাত।
শেষ পর্যন্ত ৯০ রানে অপরাজিত সাদাতের ৬৪ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা।
