২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ ঝড়ে দিল্লির প্রথম জয়

বাজে সময় পেছনে ফেলে স্বরূপে ফিরেছেন দিল্লি ডেয়ারডেভিলসের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। রোববার তার দুর্দান্ত ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে খুব সহজেই ৯ উইকেটে হারিয়ে টানা ছয় ম্যাচ হারের পর প্রথম জয় পেয়েছে দিল্লি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:05 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

ছয় খেলায় এটি মুম্বাইয়ের তৃতীয় হার।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬১ রান করে মুম্বাই। জবাবে ১৭ ওভারে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সঙ্গে বীরেন্দর শেবাগের ১৫১ রানের উদ্বোধনী জুটি দিল্লিকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। লাসিথ মালিঙ্গার বলে জয়াবর্ধনে (৪৩ বলে ৫৯) এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙ্গে ১৫ ওভার ৫ বল স্থায়ী জুটি।

ডেভিড ওয়ার্নারের বদলে ইনিংস উদ্বোধন করতে নামা জয়াবর্ধনে বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ব্যাট হাতে বাজে সময় কাটানো শেবাগ।

আগের তিন ম্যাচে বিস্ফোরক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৪ রান । দলের ক্রমাগত হার এবং নিজের ব্যাটেও রান না থাকায় ভীষণ চাপে ছিলেন তিনি।

ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দেয়া শেবাগ অপরাজিত থাকেন ৯৫ রানে। তার ৫৭ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা।

এর আগে ব্যাট করতে নেমে ২২ রানে দুই উইকেট হারানো মুম্বাইয়ের শুরুটা ভালো হয় নি। তৃতীয় উইকেটে শচীন টেন্ডুলকারের (৪৭ বলে ৫৪) সঙ্গে রোহিত শর্মার ৯৬ রানের জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।

দলীয় ১১৮ রানে টেন্ডুলকার বিদায় নিলেও মুম্বাইয়ের স্কোর দেড়শ পেরুয় রোহিতের (৭৩) কৃতিত্বে । তার ৪৩ বলের ইনিংসে ৫টি করে ছক্কা ও চার।

৩১ রানে ২ উইকেট নিয়ে উমেশ যাদব দিল্লির সেরা বোলার।