বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬২ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ১৩৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে শ্রীলঙ্কা ২৭ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয় নি। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে সে সময় শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭১ রান।
অতিথিদের সহজ জয়ের ভিত গড়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুশল মেন্ডিস (১৯) ও হাসান দুমিন্দু (২৪)। ৬০ রানে তারা বিদায় নিলে দলকে জয়ের পথে নিয়ে যান সান্দুন বীরাক্কডি (৬০)। তার ৮০ বলের ইনিংসে ১২টি চার।
৩৪ রানে ২ উইকেট নিয়ে যুবায়ের হোসেন বাংলাদেশের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে বিনোরা ফার্নান্দোর মারাত্মক বোলিংয়ে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের (৩১) সঙ্গে ৫০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন আবু সায়েম।
দলীয় ১১২ রানে মোসাদ্দেকের বিদায়ের প্রায় একাই খেলতে হয়েছে সায়েমকে (৪৩)। ৪৫তম ওভারের প্রথম বলে তিনিও বিদায় নিলে বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস।
৩২ রানে ৩ উইকেট নিয়ে ফার্নান্দো শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার।
