রাজস্থানকে হারিয়ে শীর্ষে ব্যাঙ্গালোর
আইপিএলে শনিবারের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সাত ম্যাচে এটি ব্যাঙ্গালোরের পঞ্চম জয় অন্যদিকে ছয় খেলায় রাজস্থানের দ্বিতীয় হার।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১১৭ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। জবাবে ১৭ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভার ৪ বলে ক্রিস গেইলের সঙ্গে তিলকরত্নে দিলশানের (২৫) ৫৩ রানের জুটি ব্যাঙ্গালোরকে উড়ন্ত সূচনা এনে দেয়।
এরপর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স দ্রুত বিদায় নিলেও সৌরভ তিওয়ারীর (২৫*) সঙ্গে গেইলের (৪৯*) ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়।
রাজস্থানের পক্ষে শেন ওয়াটসন ১১ রানে ২ উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ২৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও অধিনায়ক রাহুল দ্রাবিড় (৩৫) ও স্টুয়ার্ট বিন্নির (৩৩) রাজস্থানকে ৩ উইকেটে ৯৭ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান।
কিন্তু ২০ রানে শেষ ৭ উইকেট হারানোয় অতিথিদের সংগ্রহ খুব একটা বড় হয় নি।
ব্যাঙ্গালোরের পক্ষে রুদ্র প্রতাপ সিং ও আর বিনয় কুমার তিনটি করে উইকেট নেন।
