মুম্বাইয়ের লজ্জাজনক হার
আইপিএলে বুধবারের দ্বিতীয় খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস।
পাঁচ খেলায় এটি রাজস্থানের চতুর্থ জয়, অন্যদিকে সমান খেলায় মুম্বাইয়ের দ্বিতীয় হার।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৯ রান করে রাজস্থান। জবাবে ১৮ ওভার ২ বলে ৯২ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে মুম্বাই। এরপর দীনেশ কার্তিক (৩০) ও অম্বাতি রাইডু (২৭) চেষ্টা করলেও একশ পর্যন্তও যেতে পারেনি দলটি।
১৬ রানে ৩ উইকেট নিয়ে জেমস ফুকনার রাজস্থানের সেরা বোলার। এছাড়া অজিত চান্দিলা ও স্টুয়ার্ট বিন্নি দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের (২৫ বলে ৩১) সঙ্গে ৬২ ও দ্বিতীয় উইকেটে দিশান্ত ইয়াগনিকের (২৪ বলে ৩৪) সঙ্গে ৫৩ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অজিঙ্কা রাহানে।
এরপর বিন্নি দ্রুত বিদায় নিলেও চতুর্থ উইকেটে ব্রাড হজের (১৫ বলে অপরাজিত ২৭) সঙ্গে রাহানের (৫৪ বলে অপরাজিত ৬৮) অবিচ্ছিন্ন ৫৩ রানের আরেকটি ভালো জুটি দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
