মিশ্রর হ্যাটট্রিকে হায়দ্রাবাদের জয়
অমিত মিশ্রর হ্যাটট্রিকে কম রানের রোমাঞ্চকর লড়াইয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে নাটকীয়ভাবে ১১ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
ছয় খেলায় এটি হায়দ্রাবাদের চতুর্থ জয়, অন্যদিকে সমান খেলায় এটি পুনের চতুর্থ হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৯ রান করে হায়দ্রাবাদ। জবাবে ১৯ ওভারে ১০৮ রানেই অলআউট হয়ে পুনে।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ছয় ব্যাটসম্যানই দুই অঙ্কের কোঠায় পৌঁছানোয় ৪ উইকেটে ১০১ রানের দারুণ সুবিধাজনক অবস্থানে পৌঁছায় পুনে। ১৬তম ওভারের শেষ বলে ডেল স্টেইন মিচেল মার্শকে সাজঘরে ফেরত পাঠালো খেলার চিত্র পাল্টে যায়।
এরপর ৩ ওভারে আর ৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারানোয় হার এড়াতে পারেনি দলটি। শেষ ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে হায়দ্রাবাদের জয়ের নায়ক অমিত।
সেই ওভারের দ্বিতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বিদায় করার পর শেষ তিন বলে ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা ও অশোক দিন্দাকে বিদায় করে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারায়ণ ষষ্ঠ আইপিএলের প্রথম হ্যাটট্রিক করেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় হায়দ্রাবাদ। সেখান থেকে বিপ্লব সামন্ত্রী (৩৭ বলে ৩৭) ও অমিত (২৪ বলে ৩০) দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ভুবনেশ্বর পুনের সেরা বোলার।
