সুপার ওভারে ব্যাঙ্গালোরের জয়
আইপিএলে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় দিল্লি ডেয়ারডেভিলসকে সুপার ওভারে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
উমেশ যাদবের করা সুপার ওভারে ১৫ রান নেন এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। শেষ দুই বলে ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স।
জবাবে রবি রামপল ওভারে ১১ রানের বেশি নিতে পারেনি দিল্লি। ইরফান পাঠান ৪ বলে ১১ রান নিলেও প্রথম বলে ডেভিড ওয়ার্নার ও শেষ বলে বেন রোহরারকে বিদায় করে দলকে দারুণ এক জয় এনে দেন রামপল।
এর আগে ষষ্ঠ আইপিএলের প্রথম সুপার ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরেছিল ব্যাঙ্গালোর।
৬ খেলায় চতুর্থ এই জয়ে শীর্ষে উঠে এসেছে ব্যাঙ্গালোর। অন্য দিকে টানা পাঁচ ম্যাচে হারল দিল্লি।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫২ রান করে দিল্লি। জবাবে ৭ উইকেটে ১৫২ রান করে ব্যাঙ্গালোরও।
লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্সের (৩২ বলে ৩৯) অধিনায়ক বিরাট কোহলির (৫০ বলে ৬৫) ১০৩ রানের জুটি ব্যাঙ্গালোরকে ২ উইকেটে ১২৯ রানের শক্ত ভিতের ওপর দাঁড় করায়।
ষোলতম ওভারের শেষ বলে ডি ভিলিয়ার্সের বিদায়ের পর খেলা চিত্র পাল্টে যায়। জয়ের জন্য শেষ চার ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে সেই চার ওভারে শেষ পর্যন্ত ২২ রানের বেশি করতে পারেনি ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা।
২২ রানে ২ উইকেট নিয়ে উমেশ দিল্লির সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ৪৩ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (২৮) সতর্ক ব্যাটিং দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।
শেষের দিকে কেদার যাদব (১৬ বলে ২৯*) ও ইরফান পাঠানের (৮ বলে ১৯*) আক্রমণাত্মক ব্যাটিং দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
২৪ রানে ২ উইকেট নিয়ে জয়দেব উনাদকাত ব্যাঙ্গালোরের সেরা বোলার।
