পুনের কাছে চেন্নাইয়ের হার
আইপিএলে সোমবারের একমাত্র খেলায় চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে হারিয়েছে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া।
পাঁচ খেলায় এটি পুনের দ্বিতীয় জয়, অন্যদিকে চার খেলায় চেন্নাইয়ের দ্বিতীয় হার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে পুনে। জবাবে ৮ উইকেটে ১৩৫ রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয় নি। চতুর্থ উইকেটে রবীন্দ্র জাদেজার (২২ বলে ২৭) সঙ্গে সুব্রামানিয়াম বদ্রিনাথের (২৬ বলে ৩৪) ৪৬ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরানোর আশা জাগায়।
কিন্তু দলীয় ৮৬ রানে বদ্রিনাথ ও ৯৮ রানে জাদেজার বিদায় দলকে আবার চাপে ফেলে দেয়। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ও ডোয়াইন ব্রাভোও দ্রুত ফিরে গেলে আর পেরে উঠেনি চেন্নাই।
পুনের পক্ষে ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা ও মিচেল মার্শ দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পার সঙ্গে অ্যারন ফিঞ্চের ৯৬ রানের উদ্বোধনী জুটি পুনেকে উড়ন্ত সূচনা এনে দেয়। জাদেজার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিঞ্চ (৬৭) বিদায় নিয়ে ভাঙ্গে ১২ ওভার ৩ বল স্থায়ী জুটি। ফিঞ্চের ৪৫ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা।
ফিঞ্চের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুনের রানের গতিতে ভাটা পড়ে। তবে ১৬ বলে ৩টি করে ছক্কা ও চারে গড়া স্টিভেন স্মিথের ৩৯ রানের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
চেন্নাইয়ের পক্ষে ক্রিস মরিস ও ব্রাভো দুটি করে উইকেট নেন।
