২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতায় দৃষ্টি জার্গেনসেনের

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স শুধু সন্তোষজনকই নয়, দারুণ আশাজাগানিয়াও। এবারের জিম্বাবুয়ে সফরে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ড্র করার পর ওয়ানডে সিরিজও অমীমাংসিত রেখেছে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে প্রায় একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবগুলো ম্যাচে হার মেনেছে জিম্বাবুয়ে। বছর দেড়েক ধরেই অবশ্য বাংলাদেশের উন্নতির গ্রাফ উর্ধ্বমুখী। জিম্বাবুয়েতেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জার্গেনসেনের। ‘স্ট্যান্ডার্ডস্পোর্ট’ পত্রিকাকে তিনি বলেন, “প্রত্যেক সিরিজে উন্নতি করা আমাদের লক্ষ্য। ১৮ মাস ধরে আমাদের সময়টা বেশ ভালো কাটছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সিরিজ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অতীতের চেয়ে খেলাটার প্রতি তাদের মনোভাবে যে পরিবর্তন এসেছে, তা আপনারাও ভালোভাবে বুঝতে পারছেন।” পায়ের চোট কাটিয়ে দলে ফিরলেও বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে সাকিব আল হাসানের বল করার কোনো সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাকিব এখন এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও সে ভালো আছে। তবে সে টেস্ট সিরিজে বল করবে না।” জিম্বাবুয়ের চেয়ে বাংলাদেশের ক্রিকেট অনেকখানি এগিয়ে গেলেও প্রতিপক্ষের প্রতি জার্গেনসেনের কণ্ঠে যথেষ্ট সমীহ। তিনি বলেন, “খেলা শুরু হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে কিছু বিচার-বিশ্লেষণ করতে হয়। জিম্বাবুয়েকে নিয়েও আমরা তা করেছি। সম্প্রতি আমরা প্রচুর রান করলেও জিম্বাবুয়েকে যথেষ্ট সমীহ করছি। আমরা মনে করি আমাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।”