২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের নৈপুণ্যে কলকাতার জয়

জ্যাক ক্যালিসের অলরাউন্ড নৈপুণ্যে রোববার আইপিএলের প্রথম ম্যাচে নবাগত সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই ৪৮ রানে হারিয়েছে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় কলকাতা। অর্থাৎ হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮০ রান করে কলকাতা। ৪৫ বলে সর্বোচ্চ ৫৩ রান আসে গৌতম গম্ভীরের ব্যাট থেকে।

অধিনায়কের পাশাপাশি জ্যাক ক্যালিস (২৭ বলে ৪১) ও এউইন মর্গানের (২১ বলে ৪৭) দুটো আক্রমণাত্মক ইনিংস লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় স্বাগতিক দলকে। জবাবে ৭ উইকেটে ১৩২ রানে থেমে যায় হায়দ্রাবাদের ইনিংস। থিসারা পেরেরা (৩৬), ক্যামেরন হোয়াইট (৩৪), পার্থিব প্যাটেলদের (২৭) প্রচেষ্টা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে অতিথিদের। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ১৩ রানে ৩ উইকেট নেন ক্যালিস।