২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের কণ্ঠে ‘আক্রমণাত্মক’ হওয়ার প্রত্যয়

বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জানিয়েছেন, এবারের জিম্বাবুয়ে সফরে তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

দুই বছর আগে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সহ-অধিনায়ক ছিলেন তামিম। সেবার একমাত্র টেস্টে হেরে যাওয়ার পর ওয়ানডে সিরিজও ৩-২ ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। দেশে ফেরার পর সাকিব-তামিম দুজনকেই নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়। শনিবার হারারেতে অনুশীলন শেষে তামিম বলেন, “ঘরের মাঠে জিম্বাবুয়ে শক্তিশালী দল। ওদের হারাতে হলে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে এখানকার পরিবেশ-পরিস্থিতি ও উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য ৫ দিন সময় পাচ্ছি আমরা।” “আমাদের জন্য এটা কঠিন একটা সফর হবে। জিততে হলে প্রথম টেস্টের শুরু থেকেই আমাদের আক্রমণাত্মক খেলতে হবে,” যোগ করেন তিনি। যদিও আগামী বুধবার থেকে হারারেতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ডান হাতের বুড়ো আঙ্গুলের চোটের কারণে তামিমের খেলা নিশ্চিত নয়। তবে দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট এবং ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ দল এখন দারুণ অনুপ্রাণিত। ঐ সাফল্যের ধারাবাহিকতা জিম্বাবুয়েতেও ধরে রাখতে চান জানিয়ে তামিম বলেন, “আমরা শ্রীলঙ্কায় খুব ভালো খেলেছি। সেখানকার পরিবেশ-পরিস্থিতি সহজ ছিল না। তারপরও আমরা ভালো করেছি। জিম্বাবুয়েতেও সাফল্য পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।” ২০১১ সালের জিম্বাবুয়ে সফরের সময় প্রতিপক্ষের দুই পেসার ব্রায়ান ভিটোরি ও কাইল জার্ভিসকে ‘সাধারণ’ মানের পেসার বলে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন তামিম। এবার তার কণ্ঠে ভিন্ন সুর। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজার প্রশংসা করে তিনি বলেন, “তারা দুজনই ভালো ক্রিকেটার। বিপিএলে খেলেছে বলে আমাদের সম্পর্কে তারা ভালো মতোও জানে। দুজনই জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ।”