‘শেবাগ আর ভারতের হয়ে খেলতে পারবেন না’
ব্যাট হাতে ছন্দ হারিয়ে ফেলার মাশুল দিয়ে বীরেন্দর শেবাগ এখন জাতীয় দলের বাইরে। জিওফ বয়কটের ধারণা, শেবাগ আর কখনোই ভারতীয় দলে সুযোগ পাবেন না।
তবে শেবাগের আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, “সে (শেবাগ) স্লগার নয় এবং তার সাবলীল ব্যাটিং কখনো কেউ ভুলে যাবে না। তার সঙ্গে ব্যাট করতে পারলে আমি খুশিই হতাম। কারণ বোলাররা শুধু তার ওপরেই মনযোগ রাখতো আর সেই সুযোগে আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে ২০/৩০ রান করে ফেলতে পারতাম।”
এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়েন শেবাগ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না তিনি।
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে থাকলেও সাফল্য পাননি। টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে একমাত্র ত্রি-শতক করা ব্যাটসম্যান দুই টেস্ট মিলে করেন মাত্র ২৭ রান (১৯, ২ ও ৬)। এই ব্যর্থতার মাশুল দিয়ে শেষ দুই টেস্টে বাদ পড়েন শেবাগ।
গত দুই বছর ধরেই অবশ্য তার ব্যাটে রান-খরা। ২০১১ ও ২০১২ সালে টেস্টে ২৯.৫৩ গড়ে ৩৮৪ ও ৩১.৫৬ গড়ে ৫০৫ রান করেছিলেন শেবাগ। গত বছর ওয়ানডেতেও ব্যর্থ ছিলেন তিনি। ১০ ম্যাচে ২১.৭ গড়ে মাত্র ২১৭ রান আসে তার ব্যাট থেকে।
ওয়ানডেতে ২১৯ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক শেবাগ আগামী জুনের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও সুযোগ পাননি।
