এবার বাংলাদেশ-শ্রীলঙ্কার তরুণদের লড়াই
কয়েক দিন আগে শ্রীলঙ্কা সফর করে এসেছে জাতীয় ক্রিকেট দল। এখন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল এসেছে বাংলাদেশ সফরে।
দু দলের তরুণরা দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডেতে মুখোমুখি হবে। বুধবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সিরিজ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমাদের দলটি নতুন হলেও প্রতিভার অভাব নেই। একজন ব্যাটসম্যানের দ্বি-শতকও আছে।”
“আমরা এখনো শেখার মধ্যে আছি। এ ধরনের সিরিজ আমাদের অভিজ্ঞতা বাড়াবে। যা ভবিষ্যতে কাজে লাগবে,” যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল শিরান আবেঙ্কেরা বলেন, “আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। ব্যাটিং-বোলিংয়ে তেমন কোনো ঘাটতি নেই। তবে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আমাদের দলের কারোরই নেই।”
“গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আমরা খেলেছিলাম। আশা করি সেই ম্যাচের অভিজ্ঞতা এই সফরে কাজে লাগবে। এই সফর দিয়ে আমাদের ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে,” যোগ করেন তিনি।
