এক দিন আগে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল
চলমান রাজনৈতিক অস্থিরতায় বিঘ্নিত হচ্ছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি। তাই এক দিন আগেই দলকে জিম্বাবুয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়েতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিকুর রহিমের দল। টানা হরতালের কারণে বুধবার পর্যন্ত অনুশীলনের সুযোগ পাচ্ছে না তারা।
সোমবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় রওনা হয়ে পরদিন জিম্বাবুয়ে পৌঁছাবে জাতীয় দল। এর আগে শুক্রবার জিম্বাবুয়ে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশের।
হারারেতে ১৭ এপ্রিল থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ৫ দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
গত মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ক্রিকেটারদের সোমবার পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। ছুটি শেষে মঙ্গল ও বুধবার অনুশীলন করার কথা ছিল তাদের। কিন্ত হরতালের কারণে অনুশীলন বাতিল করেছে বিসিবি।
এ প্রসঙ্গে জাতীয় দলের ব্যবস্থাপক তানজীব আহসান সাদ বলেন, “জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ দলের একসঙ্গে দুদিন অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে একদিন আগেই জিম্বাবুয়েতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
একদিন আগে গেলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।
