ষষ্ঠ আইপিএলে প্রথম সুপার ওভারের রোমাঞ্চ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববারের দ্বিতীয় খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সুপার ওভারে ৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
চলতি আসরে এই প্রথম কোনো ম্যাচ গড়াল সুপার ওভারে। ব্যাঙ্গালোরের আর বিনয় কুমারের করা সুপার ওভারে দুটি ছক্কাসহ ২০ রান নেন ক্যামেরন হোয়াইট ও থিসেরা পেরেরা। জবাবে হায়দ্রাবাদের ডেল স্টেইনের ওভারে অধিনায়ক বিরাট কোহলি ও ক্রিস গেইল ১৫ রানের বেশি নিতে পারেননি।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩০ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ৭ উইকেটে ১৩০ রান করে হায়দ্রাবাদও।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। সেখান থেকে খেলা সুপার ওভারে নিয়ে যাওয়ার কৃতিত্ব হনুমা বিহারীর (৪৬ বলে অপরাজিত ৪৪)।
জয়ের জন্য শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল হায়দ্রাবাদের। বিনয় কুমারের করা সেই ওভারে ব্যাঙ্গালোরের ফিল্ডাররা তিনটি রান-আউটের সুযোগ হাতছাড়া করলে খেলা গড়ায় সুপার ওভারে।
ব্যাঙ্গালোরের পক্ষে মোইসেস হেনরিক্স ও জয়দেব উনাদকাত দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ২২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে পড়া ব্যাঙ্গালোরকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন কোহলি ও হেনরিক্স। অতিথিদের কেবল এই দুই ব্যাটসম্যানই পৌঁছান দুই অঙ্কের ঘরে।
সর্বোচ্চ ৪৬ রান কোহলির। তার ৪৪ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। হেনরিক্স ৪০ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৪ রান।
২৭ রানে ৩ উইকেট নিয়ে হায়দ্রাবাদের সেরা বোলার ইশান্ত শর্মা।
