সহজ জয়ে শুরু পাঞ্জাবের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববারের প্রথম খেলায় পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল পাঞ্জাব, অন্যদিকে দুই খেলা এটি পুনের দ্বিতীয় হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৯ রান করে পুনে। জবাবে ১২ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টকে হারালেও মানদীপ সিংয়ের সঙ্গে অভিষিক্ত মানান ভোহরার ৫৮ রানের জুটি পাঞ্জাবকে সহজ জয়ের দিকে নিয়ে যায়।
দলীয় ৭৯ রানে মানদীপ (৩১) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাচ সেরা ভোহরা (৪৩*)। তার ২৮ বলের ইনিংসে ৭টি চার। ৮ রানে অপরাজিত থাকেন ডেভিড হাসি।
এর আগে ১০ ওভারে ৩৮ রানেই ৫ ব্যাটসম্যানের বিদায়ে পুনে ভীষণ বিপদে পড়ে যায়। সেখান থেকে অভিষেক নায়ারের অপরাজিত ২৫ ও মিচেল মার্শের ১৫ দলকে একশর কাছাকাছি নিয়ে গেলেও তা লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না।
পাঞ্জাবের পক্ষে আজহার মেহমুদ ও প্রভিন কুমার দুটি করে উইকেট নেন।
