২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারাইনের প্রশংসায় সৌরভ

ষষ্ঠ আইপিএলের উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড় সুনীল নারাইনের প্রশংসা করে সৌরভ গাঙ্গুলী বলেছেন, তিনি ‘গোল্ডেন আর্ম’ বা সোনার হাতের অধিকারী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

মাত্র ১৩ রানে ৪ উইকেট নেয়া নারাইনের দুর্দান্ত নৈপুণ্যে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছে।

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার নারাইনের পারফরম্যান্সে সৌরভ মুগ্ধ। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, “গৌতম গম্ভীরের (কলকাতার অধিনায়ক) জন্য সে (নারাইন) ‘গোল্ডেন আর্ম’। গত মৌসুমে কলকাতার সাফল্যের পেছনে তার বিশাল অবদান ছিল। এ বছরও সে তাদের তুরুপের তাস।”

আইপিএলের গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন নারাইন। সর্বোচ্চ ২৫ উইকেট পেয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মর্নে মরকেল। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল নারাইনের হাতে।

নিজের শহর শিরোপা ধরে রাখার পথে প্রথম ম্যাচে জয় পাওয়ায় তিনি দারুণ খুশি। কলকাতার মানুষের ভীষণ প্রিয় সৌরভ বলেন, “তাদের ভালো খেলতে দেখে আমি তৃপ্ত। এই জয়ে আমি আনন্দিতও। প্রথম ম্যাচে জয় পাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ। কেকেআরের বোলিং আক্রমণ অবশ্যই তাদের প্রধান শক্তি। নিঃসন্দেহে এবারো তারা শিরোপার দাবিদার।”