সালমার লড়াইয়ের পরও বাংলাদেশের হার
অধিনায়ক সালমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যের পরও ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৪৯ রানে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি।
মঙ্গলবার ভাদোদারার রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৩ রান করে ভারত। জবাবে ৭ উইকেটে ৯৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানেই দুই উইকেট হারানো বাংলাদেশের শুরুটা ভালো হয় নি। তৃতীয় উইকেটে অভিষিক্ত শাহনাজ পারভীনের সঙ্গে সালমার ৪০ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।
দলীয় ৫৭ রানে রান আউট হয়ে শাহনাজের বিদায়ের পর অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় প্রায় একাই খেলতে হয়েছে সালমাকে। ৪৩ বলে ৬টি চারে গড়া তার অপরাজিত ৪৯ রান একশর কাছাকাছি নিয়ে যায় অতিথিদের।
এর আগে ব্যাট করতে নেমে পুনম রাউত ও থিরুস কামিনির ১৩০ রানের উদ্বোধনী জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেয়। সালমার বলের বোল্ড হয়ে কামিনি (৫৬) বিদায় নিলে ভাঙ্গে ১৭ ওভার ৫ বল স্থায়ী জুটি। কামিনির ৫৭ বলের ইনিংসে ৭টি চার।
বিশতম ওভারের দ্বিতীয় বলে সালমার বলে নুজহাত তাসনিয়ার ক্যাচে পরিণত হওয়ার আগে ৭৫ রান করেন পুনম। তার ৫৬ বলের ইনিংসে ১০টি চার। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউরকেও ফেরানোর কৃতিত্ব সালমার।
১২ রানে ৪ উইকেট নিয়ে সালমাই বাংলাদেশের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৪৩/৩ (পুনম ৭৫, কামিনি ৫৬, হারমানপ্রীত ৩, নিরঞ্জনা ১*, মেশরাম ১*; সালমা ৩/১২)
বাংলাদেশ: ৯৪/৭ (শাহনাজ ১৩, ফারজানা ৯, শুকতারা ৭, সালমা ৪৯*, লতা ২, রুমানা ৮, জাহানারা ১, তাজিয়া ১, পান্না ৩*; মেশরাম ১/৯, অর্চনা ১/১৫, রিতু ১/১৫, শুভলক্ষ্মী ১/১৫, একতা ১৭/১, নিরঞ্জনা ১/১৭)
