সবাইকে ধন্যবাদ দিলেন রাইডার
তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর এখন অনেকটাই সুস্থ নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার। চরম বিপদের সময় পাশে থাকার জন্য ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রাইডার বলেন, “সবাইকে জানাতে চাই যে আমি সুস্থ আছি। আজ (রোববার) আমি অনেক ভালো বোধ করছি। তবে আমার শরীর এখনো অনেক দুর্বল। আপনারা আমাকে যে সব বার্তা পাঠিয়েছেন তা আমি পড়ছি। গত কয়েক দিন আমার পাশে থেকে শুভকামনা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের সব সদস্য আর বন্ধুদেরও ধন্যবাদ দিতে চাই।”
ক্রাইস্টচার্চ হাসপাতালের আইসিইউ থেকে রাইডারকে ‘ওয়ার্ড’-এ নিয়ে আসা হয়েছে। তবে শঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অনেক সময় লাগবে তার।
গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় ও ফুসফুসে আঘাত পান তিনি। দুই দিন ‘কোমা’য় থাকার পর শনিবার জ্ঞান ফেরে ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
