২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ছেলেকে নিয়ে জয়াসুরিয়ার ‘কৈফিয়ত’

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া রামিথ রামবুকওয়েল্লার বাবা একজন মন্ত্রী। এ নিয়ে শ্রীলঙ্কা জুড়ে নানা গুঞ্জন চলছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সনাথ জয়াসুরিয়া জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতেই সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:04 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

গণমাধ্যম ও তথ্য মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েল্লার ছেলেকে নেয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক বলেন, “রামিথ এমন একজন বাঁহাতি ব্যাটসম্যান যে ডান হাতে অফস্পিন করতে পারে। দলের প্রয়োজনে সে আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে সে মিডল অর্ডারে খেলে। ব্যাটিং অলরাউন্ডার এবং অফস্পিন করতে পারে বলেই আমরা তাকে নিয়েছি।

২১ বছর বয়সী রামিথের অবশ্য ঘরোয়া ক্রিকেটে তেমন সাফল্য নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭ ম্যাচে ১৬.৫৪ গড়ে ১৮২ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টির পারফরম্যান্সও উজ্জ্বল নয়। ওয়ানডেতে ১২ ম্যাচে ১৬.৮৭ গড়ে ১৩৫ রান ও ১০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ১৭.৪২ গড়ে ১২২ রান ও ৮ উইকেট।

তবে এক্ষেত্রেও নবাগত রামিথের পাশে দাঁড়িয়েছেন জয়াসুরিয়া।

শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান বলেন, “আমরা শুধু ভালো খেলছে এমন খেলোয়াড়দেরই সুযোগ দেই না। মেধাবী খেলোয়াড়দেরও দলে নেই। অনেক খেলোয়াড় ক্লাবের হয়ে তেমন ভালো খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ভালো খেলে। আমি নিজেই এমন অনেক খেলোয়াড় দেখেছি।”