২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায়রের শতকে রোমাঞ্চকর ড্র

ম্যাট প্রায়রের অপরাজিত শতকের সৌজন্যে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হার এড়িয়েছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩১৫ রানে পঞ্চম দিন শেষ করে ম্যাচ ও সিরিজ ড্র করেছে অতিথিরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 06:53 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সোমবার ইডেন পার্কে ৪ উইকেটে ৯০ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। ইয়ান বেলের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতির আগেই জো রুট বিদায় নিলে উজ্জীবিত হয়ে উঠে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই জনি বেয়ারস্টোর বিদায় অতিথিদের বিপদ আরো বাড়ায়। তবে স্বাগতিক হতাশ করে বেল ও প্রায়র দ্বিতীয় সেশনের প্রায় পুরোটাই কাটিয়ে দেন। চা-বিরতির শেষ ওভারের তৃতীয় বলে নেলি ওয়াগনার বেলকে ফিরিয়ে দিলে ভেঙ্গে যায় সপ্তম উইকেটে ১৪৮ বল স্থায়ী প্রতিরোধ। ৭৫ রান করতে ২৭১ বল খেলেন বেল।

তৃতীয় সেশনে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ২৯ ওভার কাটিয়ে দিয়ে সহজেই ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন প্রায়র। কিন্তু ১৪০তম ওভারে তিন বলের মধ্যে ব্রড ও জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের স্বপ্ন উজ্জ্বল করে তোলেন কেন উইলিয়ামসন।

কিন্তু তারপরও পেরে উঠেনি নিউজিল্যান্ড। তাদের ভীষণ হতাশ করে মন্টি পানেসারকে নিয়ে শেষ ১৯ বল ভালোভাবেই কাটিয়ে দেন প্রায়র (১১০*)। প্রায়রের ১৮২ বলের ইনিংসে ২০টি চার।

দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে দেরি করে ফেলেছিলেন কি না বা ফলোঅন করানোই ঠিক হত কি না এ ধরনের অনেক প্রশ্নেরই উত্তর দিতে হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৪৪৩ (ফুলটন ১৩৬, উইলিয়ামসন ৯১; ফিন ৬/১২৫) ও দ্বিতীয় ইনিংস ২৪১/৬ ডিক্লে. (ফুলটন ১১০, রাদারফোর্ড ০, উইলিয়ামসন ১, টেইলর ৩, ব্রাউনলি ২৮, ম্যাককালাম ৬৭*, ওয়াটলিং ১৮; পানেসার ২/৫৩, ব্রড ২/৫৪, ফিন ১/৫৭, অ্যান্ডারসন ১/৫৯)

ইংল্যান্ড: প্রথম ইনিংস ২০৪ (প্রায়র ৭৩, রুট ৪৫; বোল্ট ৬/৬৮, সাউদি ৩/৪৪) ও দ্বিতীয় ইনিংস ৩১৫/৯ (কুক ৪৩, কম্পটন ২, ট্রট ৩৭, বেল ৭৫, ফিন ০, রুট ২৯, বেয়ারস্টো ৬, প্রায়র ১১০*, ব্রড ৬*, অ্যান্ডারসন ০, পানেসার ০*; উইলিয়ামসন ৪/৪৪, ওয়াগনার ২/৬১, সাউদি ২/৭৭, বোল্ট ১/৫৫)