২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা

শ্রীলঙ্কা সফরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে দেশে ফিরে আসা তামিম ইকবাল জিম্বাবুয়ে সফরে না-ও যেতে পারেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শনিবার প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া তামিমের সোমবার অ্যাপোলো হাসপাতালে এমআরআই স্ক্যান করানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, “তামিমের আঙ্গুল ভাঙ্গেনি, তবে হাড়ে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট সারতে চার থেকে ছয় সপ্তাহ প্রয়োজন।”

“অন্য কোনো আঙ্গুলে চোট পেলে সেরে উঠতে হয়তো এত সময় লাগতো না। তবে ব্যাটসম্যানদের জন্য বৃদ্ধাঙ্গুল খুব গুরুত্বপূর্ণ। এই আঙ্গুলে সামান্য ব্যথা নিয়েও ব্যাট করা সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তামিমকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে,” যোগ করেন তিনি।

৩১ মার্চ একমাত্র টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষ হবে। ৯ এপ্রিল বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা। ১৭ এপ্রিল থেকে প্রথম এবং ২৫ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ৩, ৫ ও ৮ মে তিনটি ওয়ানডে এবং ১১ ও ১২ মে দুটি টি-টোয়েন্টি। দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত রাজশাহীর হয়ে খেলার সময়েও বাঁ কব্জিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তামিমকে। চোট থেকে সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।