ফুলটনের শতকে নিউজিল্যান্ডের জয়ের স্বপ্ন
অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসেই পিটার ফুলটনের শতকে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। ৪৮১ রানের ‘প্রায় অসম্ভব’ লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে অতিথিরা।
সোমবার ইডেন পার্কে ৩ উইকেটে ৩৫ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ডিন ব্রাউনলির সঙ্গে ৭৪ ও পঞ্চম উইকেটে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ফুলটনের ১১৭ রানের দুটি চমৎকার জুটি নিউজিল্যান্ডকে দুশ রানের কাছাকাছি নিয়ে যায়।
দলীয় ১৯৯ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই শতকে পৌঁছানোর কৃতিত্ব দেখান দীর্ঘদেহী উদ্বোধনী ব্যাটসম্যান ফুলটন।
স্টুয়ার্ট ব্রডের বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ইনিংসে শতকে পৌঁছানো ফুলটন প্রথম ইনিংসে করেন ১৩৬ রান। স্টিভেন ফিনের বলে জো রুটের ক্যাচে পরিণত হওয়ার আগে ১১০ রান করেন তিনি।
ম্যাককালামের সঙ্গে ৪২ রানে জুটি গড়ে বিজে ওয়াটলিং বিদায় নিলে ৬ উইকেটে ২৪১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ম্যাককালাম অপরাজিত থাকেন ৬৭ রানে। সিরিজে এটি তার তৃতীয় অর্ধশতক। সব ধরনের ক্রিকেটে অতিথিদের বিপক্ষে সর্বশেষ নয় ইনিংসে এটি ম্যাককালামের সপ্তম অর্ধশতক।
প্রথম ইনিংসে ২৩৯ রানে পিছিয়ে থাকায় ম্যাচ ও সিরিজ জয়ের জন্য অতিথিদের লক্ষ্য দাঁড়ায় ৪৮১ রান। জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৪১৭ রান তাড়া করে জেতে ৩ উইকেটে।
ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ড। ২ রানে নিক কম্পটন ও ৬০ রানে জোনাথন ট্রটকে হারিয়ে অস্বস্তিতে পড়া অতিথিদের সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন অনিয়মিত স্পিনার কেন উইলিয়ামসন। দিনের শেষ দিকে অধিনায়ক অ্যালিস্টার কুক ও ‘নাইটওয়াচ ম্যান’ ফিনকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের সুবিধাজনক জায়গায় নিয়ে এসেছেন তিনি।
জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন নিউজিল্যান্ডের চাই ৬ উইকেট, ইংল্যান্ডের ৩৯১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৪৪৩ (ফুলটন ১৩৬, উইলিয়ামসন ৯১; ফিন ৬/১২৫) ও দ্বিতীয় ইনিংস ২৪১/৬ ডিক্লে. (ফুলটন ১১০, রাদারফোর্ড ০, উইলিয়ামসন ১, টেইলর ৩, ব্রাউনলি ২৮, ম্যাককালাম ৬৭*, ওয়াটলিং ১৮; পানেসার ২/৫৩, ব্রড ২/৫৪, ফিন ১/৫৭, অ্যান্ডারসন ১/৫৯)
ইংল্যান্ড: প্রথম ইনিংস ২০৪ (প্রায়র ৭৩, রুট ৪৫; বোল্ট ৬/৬৮, সাউদি ৩/৪৪) ও দ্বিতীয় ইনিংস ৯০/৪ (কুক ৪৩, কম্পটন ২, ট্রট ৩৭, বেল ৮*, ফিন ০; উইলিয়ামসন ২/৫, ওয়াগনার ১/৬, সাউদি ১/২৪)
