২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজও দক্ষিণ আফ্রিকার

টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই ৬ উইকেটে হারানো স্বাগতিকদের জয়ের ব্যবধান ৩-২।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ পর্যন্ত কোনো টেস্ট বা ওয়ানডে সিরিজ জিততে পারেনি পাকিস্তান। দক্ষিণ আফ্রিকানদের কখনো ওয়ানডে সিরিজেও হারাতে পারেনি তারা। তবে দু-দুবার পিছিয়ে পড়েও সমতা নিয়ে আসা মিসবাহ-উল-হকের দলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি ছিল।

রোববার সেই সম্ভাবনার ‘অপমৃত্যু’ বলা যায় পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে। বেনোনির ব্যাটিং-সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।

তিন নম্বরে নামা কামরান আকমল (৪৮) ছাড়া আর কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। অধিনায়ক মিসবাহ (২৪) এবং দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান (২৯) ও শোয়েব মালিক (২৮) বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হন। দশ নম্বরে নামা জুনায়েদ খান ২৫ রান করতে না পারলে পাকিস্তান দু শ’ও পেরোতে পারতো কিনা সন্দেহ।

দক্ষিণ আফ্রিকার বল হাতে নেয়া ৬ জনই উইকেট পেয়েছেন। তবে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৩ উইকেট নেয়া রায়ান ম্যাকলারেন সেরা বোলার। চোট কাটিয়ে ফেরা মর্নে মরকেলের শিকার দুটি।

চোটের কারণে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দায়িত্বশীল ইনিংস ৬ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।

১১১ বলে ৯টি চার ও একটি ছক্কায় সাজানো অপরাজিত ৯৫ রানের অনবদ্য ইনিংস আসে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অধিনায়কের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফারহান বেহারদিন (৩৫)।

ম্যাচ জেতানো ইনিংসের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ডি ভিলিয়ার্সের হাতে। ৫ ম্যাচে ৯১.৭৫ গড়ে ৩৬৭ রান করে সিরিজ সেরাও তিনি।


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান: ৪৯.১ ওভারে ২০৫ (ফারহাত ১৩, হাফিজ ৫, কামরান ৪৮, ইউনুস ২৯, মিসবাহ ২৪, মালিক ২৮, আফ্রিদি ০, ওয়াহাব ১২, আজমল ১, জুনায়েদ ২৫, ইরফান ৪*; ম্যাকলারেন ৩/৩২, মরকেল ২/৩৩, বেহারদিন ১/১০, স্টেইন ১/৩৩, সোতসোবে ১/৪২, পিটারসন ১/৫১)

দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২০৮/৪ (আমলা ২২, ডি কক ৩, ইনগ্রাম ১৫, ডি ভিলিয়ার্স ৯৫*, বেহারদিন ৩৫, মিলার ২০*; ইরফান ২/৩৮, হাফিজ ১/২৩, জুনায়েদ ১/৩০)

ম্যাচ ও সিরিজ সেরা: এবি ডি ভিলিয়ার্স।