২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মধুর প্রতিশোধ

দিল্লিতে চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে নতুন উচ্চতায় ভারতীয় ক্রিকেট। সিরিজ ৪-০ ব্যবধানে জিতে মহেন্দ্র সিং ধোনির দলের মধুর প্রতিশোধও সম্পন্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 03:31 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

ওয়ানডে বিশ্বকাপ জয়ের কয়েক মাস পর অস্ট্রেলিয়া সফরে সবগুলো টেস্টে হার মেনেছিল ভারত। অস্ট্রেলিয়ায় এ ধরনের ‘লজ্জা’য় পড়া তাদের জন্য নতুন কিছু নয়। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসাবে ঐ ব্যর্থতা একটু বেশিই যন্ত্রণা দিয়েছিল ভারতীয়দের।

রোববার ভারতীয় ক্রিকেটের বেশ কিছু অনন্য অর্জনের পাশাপাশি ফিরোজ শাহ কোটলায় একটি লজ্জাজনক অধ্যায়ও রচিত হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে।

এই প্রথম কোনো সিরিজে চারটি টেস্ট জিতল ভারত। তাদের ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্বও এই প্রথম। এর আগে আটবার সিরিজের সব টেস্ট জেতার কৃতিত্ব দেখিয়েছিল ভারত। এর মধ্যে দুটি ছিল তিন ম্যাচের এবং বাকি ছয়টি দুই ম্যাচের সিরিজ। ঐ ছয়টি সিরিজের একটি আবার ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ৪-০তে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা এর আগে একবারই হয়েছিল, ১৯৬৯-৭০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে। এর পরই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের জন্য নির্বাসনে চলে যায় দক্ষিণ আফ্রিকানরা।

রোববার ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে ব্যাট করতে নেমে বেশি দূর যেতে পারেনি ভারত। ২৭২ রানে থেমে যায় তাদের প্রথম ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে ৯৪ রানে ৭ উইকেট নেন অফস্পিনার নাথান লিয়ন।

১০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি স্পিনে পর্যুদস্ত অতিথিরা। ৯ নম্বরে ব্যাট করতে নামা পিটার সিডল (৫০) ও এড কাওয়ান (২৪) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় ১৬৪ রানেই তারা অলআউট।

৫৮ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান ‘হন্তারক’ রবীন্দ্র জাদেজা। পঞ্চম টেস্ট খেলতে নামা এই বাঁহাতি স্পিনারের এটি প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। মোট ৭ উইকেট নিয়ে জাদেজাই ম্যাচ সেরা।

দুটি করে উইকেট নেন প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন। ২০.১০ গড়ে ২৯ উইকেট নেয়া অশ্বিনের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিতে তাকে যোগ্য সহায়তা দিয়েছেন জাদেজা। সিরিজে ১৭.৪৫ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে মুরালি বিজয়ের (১১) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি।

দলীয় ১২৩ রানে কোহলি (৪১) নাথান লিয়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার পর অজিঙ্কা রাহানে ও শচীন টেন্ডুলকার বেশিক্ষণ টিকতে পারেননি। সম্ভবত দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে নামা টেন্ডুলকারের এলবিডব্লিউর সিদ্ধান্ত অবশ্য বেশ বিতর্কিত ছিল।

১২৮ রানে চতুর্থ উইকেট পতনের পর আর কোনো ক্ষতি হয়নি স্বাগতিকদের। জয় নিয়ে মাঠ থেকে ফেরেন ৮২ রানে অপরাজিত পুজারা। তখন তার সঙ্গে ভারতের সফলতম অধিনায়ক ধোনি (অপরাজিত ১২)।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৬২ (সিডল ৫১, স্মিথ ৪৬, হিউজ ৪৫; অশ্বিন ৫/৫৭) ও ১৬৪ (ওয়ার্নার ৮, ম্যাক্সওয়েল ৮, কাওয়ান ২৪, হিউজ ৬, ওয়াটসন ৫, স্মিথ ১৮, ওয়েড ১৯, জনসন ০, সিডল ৫০, প্যাটিনসন ১১, লিয়ন ৫*; জাদেজা ৫/৫৮, ওঝা ২/১৯, অশ্বিন ২/৫৫, ইশান্ত ১/১৩)

ভারত: ২৭২ (বিজয় ৫৭, পুজারা ৫২, কোহলি ১, টেন্ডুলকার ৩২, রাহানে ৭, ধোনি ২৪, জাদেজা ৪৩, অশ্বিন ১২, ভুবনেশ্বর ১৪*, ইশান্ত ০, ওঝা ০; লিয়ন ৭/৯৪, ম্যাক্সওয়েল ১/১২, সিডল ১/৩৮, প্যাটিনসন ১/৫৪) ও ১৫৮/৪ (বিজয় ১১, পুজারা ৮২*, কোহলি ৪১, টেন্ডুলকার ১, রাহানে ১, ধোনি ১২*; ম্যাক্সওয়েল ২/৫৪, লিয়ন ২/৭১)

ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা


সিরিজ সেরা: রবিচন্দ্রন অশ্বিন।