২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সামনে ইতিহাসের হাতছানি

দক্ষিণ আফ্রিকা সফরে আজ পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সেই অপূর্ণতা ঘোচানোর সুযোগ রোববার। বেনোনিতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের হারাতে পারলেই ইতিহাস গড়বে মিসবাহ-উল-হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 08:15 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় নয়। রোববারের সাফল্য প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মধুর স্বাদও এনে দেবে পাকিস্তানকে।

এত সব অনুপ্রেরণাদায়ী তথ্যের সঙ্গে দু-দু বার পিছিয়ে পড়েও সিরিজে সমতা নিয়ে আসার আনন্দ অতিথিদের উজ্জীবিত করবেই।

প্রথম ম্যাচে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটের সহজ জয়ে সমতায় ফেরে পাকিস্তান।

তৃতীয় ম্যাচ ৩৪ রানে জিতে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। হাশিম আমলা ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের শতকের ওপরে ভর করে ৩৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে শহীদ আফ্রিদির ৪৮ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস সত্ত্বেও ৩০৯ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

তবে চতুর্থ ওয়ানডেতে প্রতিপক্ষকে ২৩৪ রানে আটকে রেখে ৩ উইকেটে জিতে সিরিজে আবার সমতা নিয়ে আসে অতিথিরা।

শেষ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মিসবাহ। পাকিস্তানের অধিনায়ক বলেন, “ভিন্ন পরিবেশে খেলতে নেমে শুরুতে লড়াই করাটাই স্বাভাবিক। তবে দুই ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা নিয়ে এলে এবং বেশ কয়েক জন খেলোয়াড়কে ভালো খেলতে দেখলে আত্মবিশ্বাস বাড়বেই।”

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে স্বাগতিকদের জন্য দুঃসংবাদ, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ গোড়ালির চোটের জন্য রোববার খেলতে পারবেন না। স্মিথের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কুইন্টন ডি কক।