২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের সিরিজ শেষ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 06:12 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

খেলা চলাকালে টেন ক্রিকেটের ধারাভাষ্যকাররা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহাগ গাজীর করা সপ্তম ওভারের তৃতীয় বল পয়েন্টে থিসেরা জেনিথ পেরেরার জোরালো শট ফেরাতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। সাথে সাথেই স্থানীয় হাসপাতালে এক্সরে করানো হয় তার।

এক্সরেতে আঙ্গুলে সুক্ষ্ম চিড় ধরা পড়েছে বলে জানিয়েছেন ধারাভাষ্যকাররা।

মাত্রই বাঁ কব্জির চোট কাটিয়ে দলে ফিরেছিলেন বিস্ফোরক এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেন নি তিনি।

প্রথম ওয়ানডেতে তামিম ১১২ রানের সৌজন্যে ৮ উইকেটে ২৫৯ রান করলেও ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সোমবার একই মাঠে দ্বিতীয় ও ২৮ মার্চ পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে।

চোটের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়া দ্বিতীয় ক্রিকেটার তামিম। এর আগে অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় সিরিজ শেষ হয়ে গেছে পেসার নাজমুল হোসেনের।