তামিমের আরেকটি কীর্তি
এত দিন ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান শতক করতে পারেননি। সেই অপূর্ণতা ঘুচে গেল শনিবার, তামিম ইকবালের অনবদ্য ১১২ রানের সুবাদে।
তামিমের সর্বশেষে শতক এসেছিল ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৯ সালের অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তার ১৫৪ রান এখনো বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস।
ওয়ানডেতে এটি তামিমের চতুর্থ শতক। আরেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসেরও চারটি শতক আছে। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি শতক সাকিব আল হাসানের।
৩,৬৩৫ রান নিয়ে ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ রানও সাকিবের। ৩,৫৭৪ রান নিয়ে তার ঠিক পেছনেই তামিম।
২০১১ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের দুটি ওয়ানডে সিরিজে তেমন রানের দেখা পাননি তামিম। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১, ১ ও অপরাজিত ৩৬ রানের পর পাকিস্তানের বিপক্ষে দুটি শূন্যসহ মাত্র ৪ রান করেন তিনি।
এই ব্যর্থতার কারণে গত মার্চে এশিয়া কাপে তামিমকে বাদ দিয়ে দল ঘোষণার কথা জানান সে সময়ের বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এর প্রতিবাদে পদত্যাগের হুমকি পর্যন্ত দিয়েছিলেন প্রধান নির্বাচক আকরাম খান।
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে সিদ্ধান্ত থেকে সরে আসেন আকরাম। তামিমও সুযোগ পান এশিয়া কাপের দলে।
এশিয়া কাপে টানা চারটি অর্ধশতক করে বোর্ড সভাপতির ‘অবজ্ঞা’র জবাব দেন তামিম।
এর প্রায় ৯ মাস পর আবার অর্ধশতক করেন গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। তবে ওয়ানডেতে টানা পঞ্চম অর্ধশতক পাওয়ার পরের ৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৬ রান।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। সেই ইঙ্গিত বাস্তবে রূপ নিল শনিবার, হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
