২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনের তোপের পরও অস্বস্তিতে ইংল্যান্ড

স্টিভেন ফিনের মারাত্মক বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪৪৩ রানে অলআউট নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Mar 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

৮ উইকেট হাতে নিয়ে ৩৯৩ রানে পিছিয়ে ইংল্যান্ড। স্বাগতিকদের আবার ব্যাট করাতে এখনো ১৯৪ রান চাই তাদের।

শনিবার ইডেন পার্কে ২৮ ওভারের প্রথম সেশনে ৬২ রানে কেন উইলিয়ামসন, রস টেইলর ও পিটার ফুলটনকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেয় ইংল্যান্ডের বোলাররা।

দ্বিতীয় সেশনে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ডিন ব্রাউনলি সবালীলভাবেই এগিয়ে নিচ্ছিলেন নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে আগের সাত ইনিংসের ছয়টিতেই অর্ধশতকে পৌঁছানো ম্যাককালামকে ম্যাট প্রায়রের ক্যাচে পরিণত করে বিপজ্জনক হয়ে উঠা ৬৮ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙ্গেন জোনাথন ট্রট। এরপর ব্রাউনলিও বেশিক্ষণ টেকেন নি।

সেখান থেকে স্বাগতিকদের সংগ্রহ সাড়ে চারশর কাছাকাছি নিয়ে যান টিম সাউদি। যদিও ৬ উইকেটে ৪১৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু হওয়ার সময় আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকরা।

কিন্তু ফিনের মারাত্মক এক স্পেলে চা-বিরতির পর ৩৯ বলের বেশি টেকেনি নিউজিল্যান্ডের ইনিংস। শেষ চার ব্যাটসম্যানকে বিদায় করেন দীর্ঘদেহী পেসার ফিন।

১২৫ রানে ৬ উইকেট নিয়ে ফিনই ইংল্যান্ডের সেরা বোলার। এর আগেও একবার ১২৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এ নিয়ে চারবার ৫ উইকেট নিলেন তিনি।

জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ড। অতিথিদের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে দলকে এগিয়ে রেখেছেন পেসার ট্রেন্ট বোল্ট। দলীয় ৮ রানে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ট্রট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪৩ (ফুলটন ১৩৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৯১, টেইলর ১৯, ব্রাউনলি ৩৬, ম্যাককালাম ৩৮, ওয়াটলিং ২১, সাউদি ৪৪, মার্টিন ১০, ওয়াগনার ২*, বোল্ট ০; ফিন ৬/১২৫, অ্যান্ডারসন ২/৭৯, ট্রট ১/৯, পানেসার ১/১২৩)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫০/২ (কুক ৪, কম্পটন ১২*, ট্রট ২৭, বেল ৬*; বোল্ট ২/২৬)