২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে বলেই আশাবাদী বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে এর আগে টেস্ট সিরিজে দাঁড়াতেই পারত না বাংলাদেশ। তবে এবার লড়াই করে হেরেছে মুশফিকুর রহিমের দল। সেই প্রেরণা সঙ্গে নিয়ে এবার ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ করার মতো দল। পরিসংখ্যানও সে কথাই বলছে।

২০১১ বিশ্বকাপের পর ২৩টি ওয়ানডে খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশ। গত বছরের মার্চে এশিয়া কাপের সাফল্য তো চমকে দেয়ার মতো। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ জিততে-জিততেও মাত্র ২ রানে হেরে গেছে পাকিস্তানের কাছে।

এশিয়া কাপের হতাশা অনেকখানি কেটে গেছে ডিসেম্বরে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা, পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে আবারো নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচে দুটি জয় এই সিরিজে বাংলাদেশকে অনুপ্রাণিত করতে পারে। যদিও শ্রীলঙ্কার মাটিতে কোনো সাফল্য নেই। আগের ১৩ ম্যাচের সবগুলোতেই হার মেনেছে বাংলাদেশ।

এবার সেই জয়-খরা কাটানোর সংকল্প মুশফিকের। শুক্রবার বাংলাদেশের অধিনায়ক বলেন, “এক-দেড় বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলছে। এবারের শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে আমরা খুব ভালো ব্যাট করেছি। দ্বিতীয় টেস্টে ওদের একবার অলআউটও করতে পেরেছি। এ সবই ইতিবাচক ব্যাপার।”

তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা পেসার মাশরাফি বিন মুতর্জার অনুপস্থিতি অনুভূত হবেই। হাঁটুর চোটের কারণে আরেক পেসার নাজমুল হোসেনের শ্রীলঙ্কা সফরও শেষ।

অন্যদিকে ওয়ানডে সিরিজে সাফল্যের জন্য বোলারদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি বলেন, “আমরা নির্দিষ্ট কোনো স্পিনার বা পেসারের দিকে তাকিয়ে নেই। পুরো বোলিং আক্রমণকেই অবদান রাখতে হবে।”


ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সাফল্যের হার ভালোই। গত নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে তারা। জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে সিরিজ শেষ করেছে ২-২ সমতায়।