২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতেও স্পিনে পর্যুদস্ত অস্ট্রেলিয়া

আবার ভারতের স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত অস্ট্রেলিয়া দিল্লিতে চতুর্থ ও শেষ টেস্টেও স্বস্তিতে নেই। শুক্রবার প্রথম দিন শেষে অতিথিদের স্কোর ৮ উইকেটে ২৩১ রান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

প্রথম তিন টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।

পিঠের চোটের কারণে মাইকেল ক্লার্ক অনুপস্থিত। তার জায়গায় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে টস করতে নামেন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শেন ওয়াটসন।


ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই ইশান্ত শর্মার বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে নামা ফিল হিউজকে বোল্ড করে এড কাওয়ানের সঙ্গে তার ৬৭ রানের জুটি ভাঙ্গার কৃতিত্বও ইশান্তের।

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বিপর্যস্ত হওয়ার আগে ২ উইকেটে ১০৬ রানের বেশ ভালো জায়গায় দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া।


কাওয়ানকে (৩৮) বোল্ড করে ‘শিকার’ শুরু করেন অফস্পিনার অশ্বিন। অন্য প্রান্তে জাদেজাও ধ্বংসযজ্ঞে মেতে উঠলে অতিথিদের স্কোর দাঁড়ায় ১৩৬/৭।

এই বিপদ থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন পিটার সিডল (অপরাজিত ৪৭)। সপ্তম উইকেটে স্টিভেন স্মিথের (৪৬) সঙ্গে ৫৩ এবং অষ্টম উইকেটে জেমস প্যাটিনসনের (অপরাজিত ১১) সঙ্গে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তিনি।

৪০ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। সিরিজে এ পর্যন্ত ১৯.৬৫ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। জাদেজা ও ইশান্ত নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩১/৮ (কাওয়ান ৩৮, ওয়ার্নার ০, হিউজ ৪৫, ওয়াটসন ১৭, স্মিথ ৪৬, ওয়েড ২, ম্যাক্সওয়েল ১০, জনসন ৩, সিডল ৪৭*, প্যাটিনসন ১১*; অশ্বিন ৪/৪০, জাদেজা ২/৩৪, ইশান্ত ২/৩৫)