আবার সমতা ফেরাল পাকিস্তান
চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সুবাদে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ সমতা। বেনোনিতে রোববার পঞ্চম ও শেষ ওয়ানডে।
বৃহস্পতিবার ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে অস্বতিতে পড়া পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন ইমরান ফারহাত ও অধিনায়ক মিসবাহ-উল-হক।
তৃতীয় উইকেটে তাদের ১৫৩ রানের চমৎকার জুটির সৌজন্যে এক পর্যায়ে ৩ উইকেটে ১৮৬ রানের সুবিধাজনক অবস্থানে চলে আসে পাকিস্তান। রবিন পিটারসনের বলে ফারহান বেহারডিনের ক্যাচে পরিণত হওয়ার আগে ৮০ রান করেন ম্যাচসেরা মিসবাহ। তার ৯৩ বলের ইনিংসে ৭টি চার ২টি ছক্কা।
নাসির জামশেদের বদলে খেলতে নেমে ৯৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ফারহাত। দলীয় ২২৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি বিদায় নেয়ার সময় জয় পাকিস্তানের হাতের নাগালে। ফারহাতের ১৪৪ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা।
শেষ দিকে সমীকরণ অতিথিদের জন্য একটু কঠিন হয়ে গেলেও শোয়েব মালিকের অপরাজিত ১৯ রান দলকে স্বস্তির জয় এনে দেয়।
৪৬ রানে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পিটারসন।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসার দুই পেসার ইরফান খান ও জুনায়েদ খানের মারাত্মক বোলিংয়ে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্য়ের ১১৫ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক শিবিরে। তাদের দুজনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় একটা ধাক্কা দেন সাঈদ আজমল।
এরপরও পিটারসনের অপরাজিত ২৫ ও ররি ক্লেইনভেল্টের ১৮ রানের সুবাদে আড়াইশ রানের কাছাকাছি যায় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান ও সাইদ আজমল।
দক্ষিণ আফ্রিকা: ২৩৪/৯ (আমলা ০, স্মিথ ১২, ইনগ্রাম ০, ডি ভিলিয়ার্স ৭৫, বেহারডিন ০, মিলার ৬৭, ম্যাকলারেন ১১, পিাটরসন ২৫*, ক্লেইনভেল্ট ১৮, স্টেইন ৯, সোতসোবে ৫*; আজমল ৩/৪২, জুনায়েদ ৩/৪৫, ইরফান ৩/৪৬)
পাকিস্তান: ২৩৬/৭ (ফারহাত ৯৩, হাফিজ ০, আকমল ১১, ইউনুস ৬, মিসবাহ ৮০, আফ্রিদি ৪, শোয়েব ১৯*, ওয়াহাব ০, আজমল ৫*; পিটারসন ২/৪৬, স্টেইন ১/২৬, সোতসোবে ১/৫১, ক্লেইনভেল্ট ১/৫১)
