আমলা, ডি ভিলিয়ার্সের শতকে দক্ষিণ আফ্রিকার জয়
অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার শতকের সৌজন্যে জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
বৃহস্পতিবার ডারবানে চতুর্থ ওয়ানডে।
রোববার নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ১ বলে ৩০৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে নাসির জামশেদকে হারালেও দ্বিতীয় উইকেটে কামরান আকমলের (৩০) সঙ্গে মোহাম্মদ হাফিজের (৫৭) ৮২ রানের জুটির সৌজন্যে ১ উইকেটে ৯৭ রানের শক্তি ভিতের ওপর দাঁড়িয়েছিল পাকিস্তান।
কিন্তু ৩৫ রানের মধ্যে কামরান, হাফিজ, ইউনুস খান ও শোয়েব মালিকের বিদায়ে অতিথিদের স্কোর পরিণত হয় ১৩২/৫-এ।
এরপরও জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন শহীদ আফ্রিদি। দলীয় ২৪৪ রানে ৪৮ বলে ৭টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮৮ রান করে তিনি সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে আর পেরে উঠেনি পাকিস্তান। তার বিদায়ের পর ওয়াহাব রিয়াজের ৪৫ রানের সুবাদে হারের ব্যবধান কমায় অতিথিরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লনওয়াবো সোতসোবে ও রায়ান ম্যাকলারেন তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৪২ রানেই ২ উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় উইকেটে দুই ম্যাচে সেরা আমলা ও ডি ভিলিয়ার্সের ২৩৮ রানের রেকর্ড জুটি ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
এর আগে ১৯৯৯ সালে কেনিয়ার বিপক্ষে তৃতীয় উইকেটে ২৩৭ রানের রেকর্ড জুটি গড়েছিল ভারত।
দলীয় ২৮০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১২২ রান করেন ১১তম শতকে পৌঁছানো আমলা। তার ১১৩ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা।
তার বিদায়ের পর ফাফ দু প্লেসির ১৯ বলে ৪৫ ও ডি ভিলিয়ার্সের রানের ১২৮ সুবাদে সাড়ে সাড়ে তিনশ রানের কাছাকাছি যায় স্বাগতিকদের স্কোর। ১৪তম শতকে পৌঁছানো ডি ভিলিয়ার্সের ১০৮ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা।
স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়াতে গোলাপী রংয়ের জার্সি পড়ে খেলছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৪৩/৫ (স্মিথ ৩, আমলা ১২২, ইনগ্রাম ১৭, ডি ভিলিয়ার্স ১২৮, দু প্লেসি ৪৫, বেহারদিন ৬*, ম্যাকলারেন ০*; ইরফান ২/৩৪, রিয়াজ ২/৯৩, আজমল ১/৬২)
পাকিস্তান: ৩০৯ (জামশেদ ১০, হাফিজ ৫৭, আকমল ৩০, ইউনুস ১৯, মিসবাহ ২৮, শোয়েব ৪, আফ্রিদি ৮৮, রিয়াজ ৪৫, আজমল ৮, জুনায়েদ ৯, ইরফান ০*; ম্যাকলারেন ৩/৫৬, সোতসোবে ৩/৭৪, পিটারসন ২/৫১, স্টেইন ১/৪৮, ক্লেইনভেল্ট ১/৭৭)
