ওয়েলিংটনে বৃষ্টির যন্ত্রণা
কেন উইলিয়ামসন ও রস টেইলরের দৃঢ়তা আর থেমে-থেমে বৃষ্টির কারণে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ড্রয়ের পথে এগোচ্ছে। রোববার ২ উইকেটে ১৬২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা নিউজিল্যান্ডের আবার ইংল্যান্ডকে ব্যাট করাতে ৪৯ রান প্রয়োজন।
বৃষ্টির কারণে সারা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। নিউজিল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও ওয়েলিংটনে বৃষ্টি হতে পারে। যার অর্থ প্রথমটির মতো দ্বিতীয় টেস্টও ড্র হওয়ার শতভাগ সম্ভাবনা। ২২ মার্চ থেকে অকল্যান্ডে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।
শেষটা বৃষ্টির যন্ত্রণায় বিদ্ধ হলেও ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দিনের শুরুতে কিন্তু উত্তেজনার ইঙ্গিত ছিল। জেমস অ্যান্ডারসনের করা দিনের চতুর্থ ওভারে প্রথম স্লিপে অ্যালিস্টার কুককে ক্যাচ দেন পিটার ফুলটন। আগের দিনের ৪১ রানের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন স্বাগতিকদের দীর্ঘদেহী উদ্বোধনী ব্যাটসম্যান।
শুরুতেই সাফল্য পেয়ে ইংল্যান্ড তখন উচ্ছ্বসিত। তবে অতিথিদের মুখের হাসি মিলিয়ে যেতেও সময় লাগেনি। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যাওয়া টেইলরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইলিয়ামসন। দুজনের দৃঢ়তায় আর কোনো ক্ষতি না হওয়া নিউজিল্যান্ড ২ উইকেটে ১৫৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায়।
মধ্যাহ্ন-বিরতির সময় শুরু হয় বৃষ্টি। চা-বিরতির আগে যা থামেনি। চা-বিরতির পরও অবস্থার তেমন উন্নতি হয়নি। শেষ সেশনে কোনো রকমে ৬ ওভার হওয়ার পর আবার বৃষ্টির হানা এবং চতুর্থ দিনের খেলারও সমাপ্তি।
ষষ্ঠ টেস্ট অর্ধশতকের দেখা পাওয়া উইলিয়ামসন ৫৫ এবং টেইলর ৪১ রান নিয়ে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৬৫ (ট্রট ১২১, কম্পটন ১০০, প্রায়র ৮২, পিটারসেন ৭৩; মার্টিন ৪/১৩০)
নিউজিল্যান্ড: ২৫৪ (ম্যাককালাম ৬৯, ওয়াটলিং ৬০; ব্রড ৬/৫১) ও ১৬২/২ (ফুলটন ৪৫, রাদারফোর্ড ১৫, উইলিয়ামসন ৫৫*, টেইলর ৪১*; অ্যান্ডারসন ১/২৭, পানেসার ১/৪৪)
