শেষ বিকালে রুবেলের ঝলক
দিনের শেষ ভাগে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন রুবেল হোসেন। কলম্বোতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৯৪ রান করা শ্রীলঙ্কার চেয়ে ৫৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
দ্বিতীয় নতুন বলে পঞ্চম উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে দীনেশ চান্দিমালের ১৯৫ রানের বিপজ্জনক জুটি ভেঙ্গে অতিথি শিবিরে স্বস্তি ফেরানোর কৃতিত্ব রুবেলের।
টানা দ্বিতীয় শতকে পৌঁছানো চান্দিমালকে (১০২) ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড করে ভাঙ্গেন ৫৯ ওভার ২ বল স্থায়ী জুটি। চান্দিমালের ১৭৬ বলের ইনিংসে ৮টি চার।
এরপর কিথুরুয়ান ভিথানাগেকেও তিনি ডিপ পয়েন্টে মমিনুল হকের ক্যাচে পরিণত করায় ১২৭ রানে অপরাজিত সাঙ্গাকারা সঙ্গে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে পাচ্ছেন না।
দলের লিড বাড়িয়ে নেয়ার কাজটা ‘টেল এন্ডার’দের নিয়েই করতে হবে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সময় কাটানো সাঙ্গাকারার। সর্বশেষ পাঁচ ইনিংসেই অতিথিদের বিপক্ষে শতক পেয়েছেন তিনি।
গল টেস্টে দুই ইনিংসেই শতক করার পথে অতিথি ফিল্ডারদের সুযোগ দিয়েছিলেন সাঙ্গাকারা। কিন্তু এবার কোনো সুযোগই দেন নি ৩৩তম শতকে পৌঁছানো বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ২৭১ বলের ইনিংসে ১০টি চার।
রোববার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ১ উইকেটে ১৮ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কাকে প্রথম থেকেই চাপে রাখেন অতিথি বোলাররা। সুফল পেতে বেশি দেরি হয়নি।
আবুল হাসানের খাটো লেন্থের বল কাট করতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন দিমুথ করুনারত্নে।
এরপর গলে শতক পাওয়া লাহিরু থিরিমান্নেকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত পাঠান রবিউল ইসলাম। ঠিকভাবে ড্রাইভ করতে না পেরে মুশফিকের ক্যাচে পরিণত হয়ে থিরিমান্নের বিদায়ে উজ্জীবিত হয়ে উঠে অতিথিরা।
ব্যাট হাতে সময় ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসদের। পেসারদের আঁটোসাটো বোলিংয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না। তবে তাকে ফেরানোর কৃতিত্ব অফস্পিনার সোহাগ গাজীর। ম্যাথিউসকে তিনি স্লিপে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করলে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৬৯/৪।
সেখান থেকে শ্রীলঙ্কাকে লিড এনে দেয়ার কৃতিত্ব সাঙ্গাকারা-চান্দিমালের। ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছেন তারা। ৫৫তম ওভারে পেসার রবিউল কুঁচকির চোটের কারণে মাঠ ছাড়ায় অনিয়মিত স্পিনারদের কিছু সহজ ওভার পেয়েছেন তারা।
এছাড়া আগের দিনের বড় ঘাস কেটে ফেলায় আউটফিল্ডও এদিন মন্থর ছিল না। দ্বিতীয় সেশন থেকে উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা না থাকায় এ সময় সহজেই রান পেয়েছেন দুই সাঙ্গকারা-চান্দিমাল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪০ (তামিম ১০, জহুরুল ৩৩, আশরাফুল ১৬, মমিনুল ৬৪, মাহমুদুল্লাহ ৮, মুশফিক ৭, নাসির ৪৮, সোহাগ ৩২, হাসান ৪, রুবেল ০, রবিউল ১*; হেরাথ ৫/৬৮, কুলাসেকারা ৩/৫৪, এরাঙ্গা ১/৪০)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৯৪/৬ (করুনারত্নে ১৭, দিলশান ০, সাঙ্গাকারা ১২৭*, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৬, চান্দিমাল ১০২, ভিথানাগে ১২, কুলাসেকারা ২*; রুবেল ২/৪১, রবিউল ২/৫২, হাসান ১/৬২, সোহাগ ১/৮৪)
