টেস্ট অভিষেকে ধাওয়ানের ইতিহাস
অভিষেক টেস্টে দ্রুততম শতক করা শিখর ধাওয়ানের অপরাজিত ১৮৫ রানের সুবাদে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৮৩ রান।
প্রথম দুই টেস্টে ব্যর্থ বীরেন্দর শেবাগ বাদ পড়ায় তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। আর অভিষেক টেস্টে ব্যাট করতে নেমেই ইতিহাসের পাতায় শিখর ধাওয়ান। অভিষেকে দ্রুততম শতক করে তৃতীয় দিন শেষে তিনি ১৮৫ রানে অপরাজিত।
অস্ট্রেলিয়ার ৪০৮ রানের জবাবে ধাওয়ানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করে বিনা উইকেটে ২৮৩ রান করেছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।
শনিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ধাওয়ানের অবিস্মরণীয় কীর্তির দিনে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তির নামা মিচেল স্টার্ক। মাত্র ১ রানের জন্য জীবনের প্রথম টেস্ট শতকের দেখা পাননি অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।
সকালে ৭ উইকেটে ২৭৩ নিয়ে ব্যাট করতে নামা অতিথিদের ৩৪৮ রান পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন দ্বিতীয় দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও স্টার্ক।
প্রায় সোয়া দুই বছর পর টেস্ট খেলার সুযোগ পাওয়া স্মিথও দুর্ভাগা। প্রজ্ঞান ওঝার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ায় ৮ রানের জন্য প্রথম শতকে পৌঁছাতে পারেননি। স্মিথের ১৮৫ বলে খেলা ৯২ রানের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা।
স্মিথের সঙ্গে ৯৭ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পরও দমে যাননি স্টার্ক। দলকে একাই টেনে নিচ্ছিলেন অসামান্য দৃঢ়তায়।
কিন্তু ভুলটা করলেন শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইশান্ত শর্মার অফস্টাম্পের বেশ বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের কানা স্পর্শ করা বল বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় গ্লাভসবন্দী করেন মহেন্দ্র সিং ধোনি।
স্টার্ককে তাই ফিরতে হয় ৯৯ রানে আউট হওয়ার হতাশা নিয়ে। ১৪৪ রানের ইনিংসটি সাজানো ১৪টি চারে।
ভারত ব্যাট করতে নামার পর ধাওয়ানের ব্যাটের তাণ্ডবে স্টার্ক ও তার সতীর্থদের সেই হতাশা ভুলতে অবশ্য সময় লাগেনি।
৫০ বলে অর্ধ-শতকে পৌঁছানোর পর আরো চওড়া হয়েছে ধাওয়ানের ব্যাট। তাই মাত্র ৮৫ বলে ২১টি চারে তিন অঙ্ক স্পর্শ করে এই বাঁহাতি ব্যাটসম্যান আজ ইতিহাসের পাতায়।
শতকের পরও অবশ্য মোহালিতে ‘ধাওয়ান-ঝড়’ থামেনি। বরং বেড়েছে। ১১০.১১ স্ট্রাইক রেটের এবং ১৬৮ বলের ইনিংসে তাই ৩৩টি চারের পাশাপাশি দুটি ছক্কা।
ধাওয়ানকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মুরালি বিজয়। দিন শেষে তিনি ৮৩ রানে অপরাজিত। ১৮১ বলের ইনিংসে ১০টি চার এবং দুটি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪০৮ (কাওয়ান ৮৬, ওয়ার্নার ৭১, ক্লার্ক ০, হিউজ ২, স্মিথ ৯২, হ্যাডিন ২১, হেনরিক্স ০, সিডল ০, স্টার্ক ৯৯, লিয়ন ৯*, ডোহার্টি ৫; ইশান্ত ৩/৭২, জাদেজা ৩/৭৭, অশ্বিন ২/৯৭, ওঝা ২/৯৮)
ভারত প্রথম ইনিংস: ২৮৩/০ (বিজয় ৮৩*, ধাওয়ান ১৮৫*)
