কম্পটন, ট্রটের শতকে ইংল্যান্ডের দিন
নিক কম্পটন ও জোনাথন ট্রটের শতকের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ২৬৭ রান করেছে ইংল্যান্ড।
ডানেডিনে প্রথম টেস্টের ভালো পারফরম্যান্সে বেসিন রিজার্ভে বেশ আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু বৃহস্পতিবার ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একরাশ হতাশা উপহার দিয়েছেন তাদের।
নবম শতকে পৌঁছানো ট্রট ১২১ রানে রানে ব্যাট করছেন। তার ২৩৪ বলের ইনিংসে ১৫টি চার। পিচ থেকে খুব কমই সহায়তা পাওয়া নিউজিল্যান্ড বোলারদের সহজেই সামলে দ্বিতীয় উইকেটে কম্পটনের সঙ্গে ২১০ রানের জুটি গড়েন তিনি। দিন শেষে কেভিন পিটারসেন ১৮ রানে অপরাজিত।
দ্বিতীয় শতকে পৌঁছানো কম্পটন শেষ ঘন্টায় আউট হওয়ার আগে করেন ১০০ রান। তার ২৩০ বলের ইনিংসে ১৫টি চার।
দিনের খেলা শেষে ট্রট বলেন, “অ্যালিস্টারকে (কুক) শুরুতেই হারানোয় আমার আর কম্পটনের উইকেটে থাকা দরকার ছিল, আমরা সেটা করতে পেরেছি।”
পিচ থেকে সহায়তা পাবেন ভেবে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের চেয়ে বেশি পেস ও বাউন্স তার প্রত্যাশিত ছিল।
ট্রট আর কম্পটনের ব্যাটিং তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে বেশি সময় নেননি। বল খুব একটা সুইং না করায় তাদের খুব একটা অসুবিধায় পড়তে হয় নি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৬৭/২ (কুক ১৭, কম্পটন ১০০, ট্রট ১২১*, পিটারসেন ১৮*; মার্টিন ১/৫৮, ওয়াগনার ১/৭০)
