সেলাই কাটা হল সাকিবের
বুধবার সাকিব আল হাসানের অস্ত্রোপচার হওয়া ডান পায়ের পেশির সেলাই কাটা হয়েছে।
হরতালের কারণে মঙ্গলবার সেলাই কাটাতে হাসপাতালে যেতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। বুধবার দুপুর একটার দিকে অ্যাপেলো হাসপাতালে পৌঁছান তিনি।
এর কিছুক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের উপস্থিতিতে সেলাই কাটা হয়।
বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, “আজ (বুধবার) দুপুর দেড়টার দিকে সাকিবের সেলাই কাটা হয়েছে। তার অবস্থার উন্নতি হচ্ছে এবং সে ভালো আছে। অস্ট্রেলীয় চিকিৎসক মার্টিন সুলিভানের নির্দেশনা অনুযায়ী তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সে মাঠে ফিরতে পারবে।”
চিকিৎসকরা আগেই জানিয়ে রেখেছিলেন, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় ছয় সপ্তাহ লাগবে সাকিবের। গত ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের পর এর মধ্যে দুই সপ্তাহ পার হয়ে গেছে।
চিকিৎসকরা আশা করছেন তৃতীয় সপ্তাহ থেকেই দৌড় শুরু করতে পারবেন সাকিব। জিম্বাবুয়ে সফরের জন্য ৯ এপ্রিল দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। এই সফরে তাই সাকিবের যাওয়ার ভালোই সম্ভাবনা আছে।
