ব্রিজটাউনে বোলারদের রাজত্ব
‘অনিয়মিত’ অফস্পিনার মারলন স্যামুয়েলস এবং বিশেষজ্ঞ অফস্পিনার শেন শিলিংফোর্ডের ঘূর্ণিতে ব্রিজটাউনে প্রথম টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২১১ রানে গুটিয়ে দিয়েও শান্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৮ রান।
১৩ রানে চার উইকেট নিয়েছেন স্যামুয়েলস। ৫৮ রানে শিলিংফোর্ডের শিকার তিনটি। চোট থেকে ফেরা স্যামুয়েলসের এটাই ক্যারিয়ার সেরা বোলিং।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালের পিচ পেস-বান্ধব হিসেবে ক্রিকেট-বিশ্বে পরিচিত। তবে স্যামুয়েলস ও শিলিংফোর্ডের কল্যাণে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই মাঠে এক ইনিংসে ৭ উইকেট নিলেন স্পিনাররা।
টস জিতে ব্যাটিংয়ে নামা অতিথিদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টিনো মায়োয়া। আর কেউ ৩০-এর ঘরেও পৌঁছাতে পারেননি।
শেষ বিকালে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে কাইরান পাওয়েলকে হারায় ক্যারিবীয়রা। কাইল জার্ভিসের পরের বলে ‘নাইটওয়াচ ম্যান’ কেমার রোচও আউট। দুজনই এলবিডব্লিউর শিকার।
দিনশেষে ক্রিস গেইল ১১ রানে অপরাজিত। সঙ্গে থাকা ড্যারেন ব্রাভোর রানের ঘরে শূন্য।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২১১ (মায়োয়া ৫০, সিবান্দা ১২, মাসাকাদজা ১৭, টেইলর ২৬, আর্ভিন ২৯, ওয়ালার ৯, চাকাবভা ১৫, ক্রেমার ২৫, প্রাইস ১২*, জার্ভিস ০, চাতারা ২; স্যামুয়েলস ৪/১৩, শিলিংফোর্ড ৩/৫৮, রোচ ২/৩১, গ্যাব্রিয়েল ১/৪৫)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৮/২ (গেইল ১১*, পাওয়েল ৫, রোচ ০, ব্রাভো ০*; জার্ভিস ২/৯)
