ওয়াটসন সহ চার জন বহিষ্কার
নিয়ম ভঙ্গের অভিযোগে সহ-অধিনায়ক শেন ওয়াটসন সহ চার জন খেলোয়াড়কে এক ম্যাচের জন্য বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। বহিষ্কৃত অন্য তিন জন হলেন জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত সফরের মাঝপথেই দেশে ফিরে গেছেন ওয়াটসন। যদিও অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার জানিয়েছেন, প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।
বুধবার থেকে মোহালিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে বহিষ্কৃতরা খেলার সুযোগ পাবেন না। চতুর্থ ও শেষ টেস্টে অবশ্য ওয়াটসন ছাড়া বাকি তিন জনের খেলার সম্ভাবনা আছে।
এই সিদ্ধান্তের কারণে মোহালি টেস্টের জন্য মাত্র ১৩ জনকে পাবে অস্ট্রেলিয়া।
