দক্ষিণ আফ্রিকার সহজ জয়
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই ১২৫ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
রোববার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রামের অপরাজিত শতকের ওপরে ভর করে ৪ উইকেটে ৩১৫ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
১০৪ বলে ১০টি চার সহ ১০৫ রান করেন ইনগ্রাম। ওয়ানডেতে এটি তার তৃতীয় শতক। ৬৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।
তবে দক্ষিণ আফ্রিকানদের ৩০০-র ওপরে নিয়ে যেতে বড় অবদান ফারহান বেহারদিনের মাত্র ১৪ বলে অপরাজিত ৩৪ রানের আক্রমণাত্মক ইনিংসের।
জবাবে ৭ ওভারে ৪২ রানের উদ্বোধনী জুটি পেলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের (দুজনেরই ২৫ রান) বিদায়ের পর অধিনায়ক মিসবাহ-উল-হক (৩৮) ও শহীদ আফ্রিদি (১৬ বলে ৩৪) চেষ্টা করলেও পাকিস্তান লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি।
২২ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রোরি ক্লাইনভেল্ট। ১৯ রানে ৩ উইকেট নেন রায়ান ম্যাকলারেন।
