২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়লেন শেবাগ

প্রথম দুই টেস্টের তিন ইনিংসে ৬, ২ ও ১৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য ঘোষিত দলে তাই বীরেন্দর শেবাগকে রাখেননি ভারতের নির্বাচকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মোহালিতে ১৪ এবং দিল্লিতে ২২ মার্চ থেকে শুরু হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

প্রথম দুই টেস্টের দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার শেবাগ। তার জায়গায় অন্য কাউকে নেয়া হয়নি।

বাদ পড়লেও আবার টেস্ট ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী শেবাগ। টুইটারে তিনি লিখেছেন, “দলে জায়গা ফিরে পেতে আমি কঠোর পরিশ্রম করে যাব। আমার নিজের প্রতি বিশ্বাস এবং দলে ফেরার আত্মবিশ্বাস আছে। দলের প্রতি শুভকামনা রইলো।” টেস্টে ভারতের একমাত্র ব্যাটসম্যান হিসাবে ত্রি-শতক করা শেবাগ অনেক দিন ধরেই রানের মধ্যে নেই। সর্বশেষ ৫ টেস্টে মাত্র ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। গত বছর ৯ টেস্টে ৩১.৫৬ গড়ে ৫০৫ রান এবং ২০১১ সালে ৭ টেস্টে ২৯.৫৩ গড়ে ৩৮৪ রান করেছিলেন তিনি। শেষ দুই টেস্টের ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইশান্ত শর্মা, ভূবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও অশোক দিন্দা।