প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের রান-উৎসব
মাতারায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ অমীমাংসিত থাকলেও বাংলাদেশের ব্যাটিং-অনুশীলন ভালোই হয়েছে। মঙ্গলবার শেষ দিনে অলআউট হওয়ার আগে ৪৭৯ রান করেছে তারা।
মোহাম্মদ আশরাফুল (১০২) শতক করলেও মাত্র এক রানের জন্য তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি মমিনুল হক। এছাড়া অর্ধশতক পেয়েছেন সোহাগ গাজী (অপরাজিত ৮২*), অধিনায়ক মুশফিকুর রহিম (৮১) ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (৫৬)।
যদিও দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যর্থতায় ৪৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে মমিনুলের সঙ্গে আশরাফুলের ১৭৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মুশফিকের দল। দুজনের ব্যাট থেকেই আসে ১১টি করে চার ও একটি করে ছক্কা।
৪৯ বলে ৩টি করে চার ও ছক্কায় আক্রমণাত্মক ইনিংস খেলে মাহমুদুল্লাহ বিদায় নেয়ার পর সপ্তম উইকেটে সোহাগের সঙ্গে ১১২ রানের আরেকটি ভালো জুটি গড়েন মুশফিক।
সঙ্গীর অভাবে শতক থেকে বঞ্চিত সোহাগের ৫২ বলের ঝড়ো ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা।
৭ রানে ৩ উইকেট নিয়ে আশেন সিলভা স্বাগতিক দলের সেরা বোলার।
৮ মার্চ থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৬ মার্চ থেকে, কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট এমার্জিং দল প্রথম ইনিংস: ৪১০ (সিলভা ২৯, জয়াসুন্দরা ২০, জয়াসুরিয়া ২৬, পেরেরা ১৫, ভিথাঙ্গে ১৬৮*, প্রিয়াঞ্জন ৮৩, ডিকওয়েল্লা ১৪, জয়ারত্নে ৫, দুলানজনা মেন্ডিস ৬, গামাগে ১৮, মদুশঙ্কা ১; সোহাগ ৫/১০৪, সানি ৩/৭৪, মাহমুদুল্লাহ ১/৩৫, রুবেল ১/৮২)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৭৯ (জহুরুল ২৯, বিজয় ৬, আশরাফুল ১০২, মমিনুল ৯৯, মাহমুদুল্লাহ ৫৬, মুশফিক ৮১, নাসির ৯, সোহাগ ৮২*, হাসান ০, রুবেল ৪, সানি ১; সিলভা ৩/৭, গামাগে ৩/৫৯, জয়াসুন্দরা ১/৫৯, জয়ারত্নে ১/৬৩, মদুশঙ্কা ১/৬৭, দুলানজনা মেন্ডিস ১/১৫৭)
