অনেক দিন পর টেস্ট দলে মেন্ডিস
প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন অজন্তা মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে এই স্পিনারকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা।
৮ মার্চ থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট।
২০১১ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ১৬ টেস্টে ৬২ উইকেট নেয়া মেন্ডিস।
শ্রীলঙ্কা দলে দুজন নবাগত - স্পিনার থারিন্দু কোওশাল ও ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে। এছাড়া টেস্ট দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক কুশল জেনিথ পেরেরা।
তবে আঙুলের চোট কাটিয়ে সেরে উঠতে না পারায় সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে ছাড়াই প্রথম টেস্টে খেলতে হবে শ্রীলঙ্কাকে।
শ্রীলঙ্কার জন্য অবশ্য একটা সুসংবাদ আছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, শামিন্দা এরাঙ্গা, কুশল জেনিথ পেরেরা, জীবন মেন্ডিস, থারিন্দু কোওশাল, কিথুরুয়ান ভিথানাগে, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, চানাকা ওয়েলেগেদারা, সুরাজ লাকমাল ও রঙ্গনা হেরাথ।
