২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকির মুখে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

আবার খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটার হুমকি দিয়েছেন, তাদের দাবি মেনে না নিলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বর্জন করবেন তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

প্রথম টেস্ট শুরু হবে ৮ মার্চ থেকে, গলে। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৬ মার্চ থেকে।

ফেব্রুয়ারিতে এসএলসির সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে খেলোয়াড়রা বোর্ডকে জানিয়ে দিয়েছেন, শেষ সময়সীমা অর্থাৎ শনিবারের মধ্যে তারা কেউ নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন না।

এসএলসি’র সচিব নিশান্থা রানাতুঙ্গা জানান, “আমরা (এসএলসি) খেলোয়াড়দের পরিষ্কারভাবে জানিয়েছি যে, বোর্ডের আয়ের ৬৭ শতাংশ তাদের দিতে প্রস্তুত। তবে সেই সঙ্গে বলেছি, নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার জন্য তারা কেউ বিবেচিত হবে না।”

গত বছরও এসএলসি ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা একই ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। সে সময় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বর্জন করার হুমকি দিয়েছিলেন ক্রিকেটাররা।

তবে এবার এই সমস্যা শক্ত হাতে মোকাবিলা করতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রীলঙ্কা। অন্তত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগের কথা শুনলে সে কথাই মনে হতে পারে যে কারো।

তিনি বলেন, “বোর্ডের আয়ের ৭৫ ভাগ চায় খেলোয়াড়রা। তাদের দাবি মানতে হলে ক্রিকেট বোর্ডকে ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪৭ লাখ মার্কিন ডলার) ঋণ করতে হবে।”

“আমি এসএলসিকে রোববার পর্যন্ত খেলোয়াড়দের সময় বেঁধে দিতে বলেছি। সেই সঙ্গে বোর্ডকে জানিয়ে দিয়েছি, এর মধ্যে তারা চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হলে সিরিজের (বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ) জন্য তারা যেন নতুন দল বেছে নেয়,” যোগ করেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।